উচ্চশিক্ষায় আন্তর্জাতিক কোলাবোরেশন বৃদ্ধিতে চীনের আন্তর্জাতিক কনফারেন্সে ডুয়েট উপাচার্যের অংশগ্রহণ
সম্প্রতি চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত “থার্ড বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ কনফারেন্স”-এ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। ২৭-২৮ নভেম্বর ২০২৫ তারিখ দুইদিনব্যাপী আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা বিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক এ কনফারেন্সে ৭০টিরও বেশি শীর্ষস্থানীয় চাইনিজ বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এবং ৫০০টিরও বেশি আন্তর্জাতিক গবেষক ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় উচ্চশিক্ষা, ট্যালেন্ট ডেভেলপমেন্ট, যৌথ গবেষণা, মেডিকেল ট্যুরিজম এবং আন্তর্জাতিকীকরণের নানা দিক নিয়ে এ কনফারেন্সে আলোচনা হয়।
গুয়াংজু মালিশা এডু কোম্পানি লিমিটেড কর্তৃক আয়োজিত এ কনফারেন্সটি ছিলো আন্তর্জাতিক উচ্চশিক্ষা, যৌথ গবেষণা, শিক্ষার্থী বিনিময়, ট্যালেন্ট ডেভেলপমেন্ট, মেডিকেল ট্যুরিজম এবং বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির একটি অনন্য প্লাটফর্ম। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে চায়না, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মাস্টার্স, এম ফিল ও পিএইচডি পর্যায়ে যৌথ গবেষণা, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, স্টুডেন্ট এক্সচেঞ্জ, ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট-এ দীর্ঘমেয়াদি সহযোগিতা ও কোলাবোরেশন নিয়ে আলোচনা অনুষ্ঠানে ডুয়েট উপাচার্য অংশগ্রহণ করেন।
উপাচার্য মহোদয় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর এক্সিবিশন ও ওয়ান টু ওয়ান আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় চীনের পাঁচটি শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো জিয়াংশি সায়েন্স এন্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটি, নর্থ চায়না ইউনিভার্সিটি অব ওয়াটার রিসোর্সেস এন্ড ইলেকট্রিক পাওয়ার, হারবিন ইন্সটিটিউট অব টেকনোলজি শেনজিন, হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং তিয়ানজিন ইউনিভার্সিটি। এরপর উপাচার্য মহোদয় চীনের গুয়াংজু শহরে স্থাপিত ঐতিহ্যবাহী ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচা বিশিষ্ট সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস (রা.) মসজিদে পবিত্র জুম’আ-এর নামায আদায় করেন।
এরপর উপাচার্য মহোদয় গুয়াংজুর আকর্ষণীয়, ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থান এবং বিভিন্ন টেকজায়ান্ট অফিসগুলো পরিদর্শন করেন। এই পরিদর্শন দুই দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তির সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ কনফারেন্সের ফলে বিদেশি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে স্থাপিত সম্পর্ক ভবিষ্যতে ডুয়েটের শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে। কনফারেন্স থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও নেটওয়ার্কিংকে কাজে লাগিয়ে ডুয়েটে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা সম্প্রসারণে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে সম্প্রতি ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন চীনের হাংজো দিয়াংজি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে যোগদানের ধারাবাহিকতায় এবারের কনফারেন্সে অংশগ্রহণ করেন।