At a Glance

রাজধানী ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ১৯৮০ সালে "কলেজ অব ইঞ্জিনিয়ারিং" হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ২০০৩ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে DUET-এ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ডিগ্রি প্রদান করা হয়।

বর্তমানে DUET-এ ৪টি অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগ, ৩টি ইনস্টিটিউট এবং ১টি গবেষণা কেন্দ্র চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে আধুনিক শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে উন্নত ল্যাবরেটরি, গবেষণা সুবিধা এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়েছে।

DUET একটি সম্পূর্ণ আবাসিক সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ৬টি এবং ছাত্রীদের জন্য ১টি আবাসিক হল রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন প্রযুক্তিভিত্তিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী ক্লাব ও সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১৫ এর অধিক ক্লাব ও কমিউনিটি সক্রিয় রয়েছে, যা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সৃজনশীলতা, গবেষণা দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে সহায়তা করে।

বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ২০২৬ (শিক্ষাবর্ষ: ২০২৫-২০২৬) এ মোট ৭৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার এবং ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য DUET দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে আসছে।